আন্তর্জাতিক ডেস্ক: জুরিখ থেকে দিল্লিগামী ফ্লাইট পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বরের জুরিখ-দিল্লি ফ্লাইটটি নির্ধারিত সময়ের পরে পরিচালনা করতে হয়। বিকল্প ক্রু না পাওয়া পর্যন্ত ফ্লাইটটির সূচিও পরিবর্তন করা হয়।
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এয়ার ইন্ডিয়ার কয়েকজন ক্রু সদস্যের মদ্যপান ও মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার পর বিমান সংস্থাটিকে অভ্যন্তরীণ পরীক্ষা ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বলা হয়েছে। জুরিখের ঘটনাটি সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতের নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে।
এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা জানান, জুরিখের ঘটনায় প্রাথমিক ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় পজিটিভ ফল পাওয়ার পর ওই পাইলটকে সঙ্গে সঙ্গে ফ্লাইট পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে আরও চিকিৎসা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর যাত্রী হিসেবে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।
চূড়ান্ত মেডিকেল পরীক্ষার প্রতিবেদন পাওয়া এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলটটি সাময়িক বরখাস্ত থাকবেন। তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে ভারতগামী ফ্লাইট পরিচালনার আগে এক এয়ার ইন্ডিয়া পাইলটকে আটক করা হয়েছিল। তার শরীর থেকে মদের গন্ধ পাওয়ার অভিযোগ ওঠে। সম্প্রতি মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়া আরেক পাইলটকেও চাকরিচ্যুত করেছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিরাপত্তা ও নিয়ন্ত্রক বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।
জা.অর্থনীতি/এসআই