সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে এক প্রবাসীর কোটি টাকার জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে একদল সশস্ত্র বহিরাগত সন্ত্রাসী হানা দিয়েছে। তবে এলাকার সাধারণ মানুষের সাহসিকতা ও তীব্র প্রতিরোধের মুখে নিজেদের ব্যবহৃত একটি নোয়াহ গাড়ি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনুপ্রবেশকারীরা। গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সহকারী সুপার শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামে এই ঘটনা ঘটে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী জাভেদ আহমেদের মূল্যবান জায়গাটি গ্রাস করার জন্য এলাকার প্রভাবশালী রায়হান গংরা দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র আসছিল, যা নিয়ে আদালতে মামলা ও ১৪৪ ধারা জারি রয়েছে। জাবেদের অনুপস্থিতিতে তার বৃদ্ধ বাবা-মাকে জিম্মি করে জায়গাটি দখল করতে রায়হান গংরা একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আসে। কিন্তু খবর পেয়ে শত শত গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা চম্পট দেয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালিয়ে অপরাধীদের ফেলে যাওয়া একটি নোয়াহ গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫১-৮৫৯৬) এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, "প্রবাসীর জায়গা দখল বা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অভিযোগ পেয়েছি, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।"
—জা. অর্থনীতি/এলএটি