অনলাইন ডেস্ক: আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে সরাসরি দৈনিক ফ্লাইট চালু করতে যাচ্ছে রিয়াদ এয়ার। এ সেবা চালুর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন্সটি।
এয়ারলাইন্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে প্রতিদিন ফ্লাইট পরিচালিত হবে।
ফ্লাইট সূচি অনুযায়ী, আরএক্স০৭৬৩ ফ্লাইট রিয়াদ থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি আরএক্স০৭৬৪ ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রিয়াদে অবতরণ করবে।
রিয়াদ এয়ার জানায়, নতুন এ রুট বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রমণ, বাণিজ্য, পর্যটন ও শিক্ষা-সংক্রান্ত যাতায়াত সহজ করবে। পাশাপাশি রিয়াদকে আন্তর্জাতিক ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের সংযোগের সুযোগ বাড়বে।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে পরিচালিত ফ্লাইটে বিজনেস এলিট, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি-এই চারটি কেবিন শ্রেণি থাকবে। এছাড়া যাত্রীরা আধুনিক ইন-ফ্লাইট বিনোদন ব্যবস্থা, ওয়্যারলেস সংযোগ ও উন্নত সেবাসুবিধা পাবেন।
রিয়াদ এয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কেনা যাবে।
জা.অর্থনীতি/এসআই