পাকুন্দিয়ায় কাভার্ডভ্যান সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ, আহত ২
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যানবাহনের চালকই আহত হয়েছেন এবং সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কিশোরগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। একই সময়ে কাভার্ডভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালক ছাড়া আর কোনো যাত্রী ছিলেন না।

দুর্ঘটনায় দুই গাড়ির চালকই কমবেশি আহত হয়েছেন, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, "দুর্ঘটনায় দুটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

 —জা. অর্থনীতি/এলএটি