হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসলে নেমে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর গাজীপুরের পর্যটক শফিকুল ইসলাম তুলুর (২৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসেন। দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলাম তুলুসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রোববার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

ওসি জানান, পর্যটক নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। সকালে স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস তা উদ্ধার করে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

—জা. অর্থনীতি/এলএটি