১০ দিন পর মিলল নিখোঁজ ট্রলার: উদ্ধার ৯ জেলের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে প্রায় ১০ দিন আগে নিখোঁজ হওয়া মাছধরা ট্রলার ‘জয় মা কালী’ থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে মোট ১৫ জন জেলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্ট গার্ড, ভারতীয় নৌবাহিনী, পুলিশ ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ট্রলারটি গত ২ জুলাই পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। ৮ জুলাই জেলেরা শেষবারের মতো ইঞ্জিন বিকলের কথা জানিয়ে সাহায্যের আবেদন করেছিলেন। এরপর তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অবশেষে ১২ জুলাই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বকখালি উপকূলসংলগ্ন একটি ম্যানগ্রোভ এলাকায় উল্টে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলারটির জেলেরা পশ্চিমবঙ্গের দিঘা, নদীয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং ওডিশার বাসিন্দা ছিলেন।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক জেলের পরিবারকে ২ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে।

জা.অর্থনীতি/এসআই