শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি পলাতক
ছবি: জাতীয় অর্থনীতি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে দুই মাসের এক শিশুর ওপর আপন চাচির নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন এই সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জুলাই) পরিবারের কেউ অভিযোগ করতে রাজি না হওয়ায় জেলা প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার এর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন অভিযুক্ত লতা বেগমের স্বামী (শিশুটির চাচা) কাউছার আহম্মেদ ও বাবা আলমাছ মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাধবদীর পাইকারদি গ্রামের চারগাও এলাকায় পারিবারিক কলহের জেরে গত ১১ জুলাই শিশু রিজিকের মা টয়লেটে গেলে চাচি লতা বেগম শিশুটির পা মুচড়ে আঘাত করেন। সন্দেহ থাকায় শিশুটির মা আগে থেকেই গোপনে মোবাইলে ভিডিও চালু করে রেখেছিলেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে লতার স্বামী ও বাবা ওই ভিডিও মুছে ফেলেন।

ওসি তদন্ত করে  জানান, শিশুটির পা ভাঙার খবরটি গুজব হলেও নির্যাতনের সত্য। এ ঘটনায় মাধবদী থানায় শিশু আইনে মামলা রুজু হয়েছে এবং প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি