শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬তম তিরোধান উৎসব উদযাপিত
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে সিদ্ধ মহাত্মা বৈষ্ণবাচার্য্য প্রভুপাদ ১০৮ শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬তম তিরোধান উৎসব উদযাপিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস উপস্থিত ছিলেন। 

শুক্রবার (১৭ জুলাই) শ্রী রাধারমণ সেবক সংঘ সিলেটের উদ্যোগে এবং মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা কমিটির সহযোগিতায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবকে কেন্দ্র করে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক ভক্ত, সুধীজন ও অনুরাগী অংশ নেন, যার ফলে পুরো অনুষ্ঠানজুড়ে এক ভক্তিময় পরিবেশ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সকালে শ্রীশ্রী গুরু-গৌরাঙ্গের বিশেষ অর্চনা, পূজা ও পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এরপর সমবেত গীতা পাঠ, ভক্তিমূলক সংগীত, ধর্মীয় পাঠ এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বিকেলে শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ এবং সন্ধ্যায় সমবেত কীর্তনের আয়োজন করা হয়। সবশেষে রাতে শ্রী রাধারমণ গোস্বামীর তিরোধান লীলাকথা পাঠ ও নামসংকীর্তনের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

উৎসবের প্রধান আকর্ষণ ছিল ‘শুদ্ধাচারই শ্রী রাধারমণ’ শীর্ষক একটি আলোচনা সভা। বরমচাল সিংগুরের শ্রী রাধারমণ জন্মস্থান মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অরুণ কান্তি গোস্বামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রভু বৈষ্ণবরায় বংশাবতংশ প্রভুপাদ শ্রী হিমাদ্রী গোস্বামী (মহর) এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দর ধামের সভাপতি মনোজ বিকাশ দেবরায়।

প্রধান অতিথির বক্তব্যে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, “বৈষ্ণবাচার্য্য প্রভুপাদ ১০৮ শ্রীমৎ রাধারমণ গোস্বামী শুধু একজন অসাধারণ সাধক নন, তিনি ভারতীয় উপমহাদেশের যৌথ আধ্যাত্মিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। তার দর্শন ও মানবপ্রেমের বাণী আজও মানুষকে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও আত্মশুদ্ধির পথে অনুপ্রাণিত করে।”

তিনি আরও বলেন, রাধারমণ গোস্বামীর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বাংলাদেশ ও ভারতের ভক্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং এই ধরনের আয়োজন দুই দেশের মানুষের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

শাবিপ্রবির সহকারী অধ্যাপক ও শ্রী রাধারমণ সেবক সংঘের পৃষ্ঠপোষক অভিজিৎ গোস্বামী (অয়ন)- এর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভুপাদ শ্রী নিত্যগোপাল গোস্বামী, শ্রীপাদ পার্থসারথী ঘোষ অধিকারী, অধ্যক্ষ কানুপ্রিয় গোস্বামী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, ইউজিসির সহকারী পরিচালক প্রবীর চন্দ্র দাস প্রমুখ।

—জা. অর্থনীতি/এলএটি