জাতীয় অর্থনীতি স্পোর্টস: মিরপুরের পর এবার সিলেটের বাইশ গজেও আলোকস্বল্পতার চেনা রূপ। দিনের আলো ফুরিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই থেমে গেল বাংলাদেশ-উইন্ডিজ টেস্টের প্রথম দিনের খেলা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে দারুণ বোলিং করেছিলেন টাইগার পেসাররা। দলীয় ২৭ রানেই ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসান হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আমির জাঙ্গু ও অভিষিক্ত কেভিন উইকহাম। চতুর্থ উইকেটে তাদের প্রতিরোধ গড়া ১৩১ রানের জুটি সফরকারীদের ম্যাচে ফেরায়।
দিন শেষে হাসান দুটি ও তাসকিন দুটি উইকেট শিকার করেছেন। উইকেটে থিতু হয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া আমির জাঙ্গু ১৫৫ বলে ১০২ রানে এবং জাস্টিন গ্রেভস ২৬ রানে অপরাজিত আছেন।
৬৫ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২১৬ রান। আলোকস্বল্পতা বাধা হয়ে না দাঁড়ালে প্রথম দিনের বাকি ওভারগুলোতে আরও রোমাঞ্চ দেখতে পেত ক্রিকেটপ্রেমীরা।
জা. অর্থনীতি/এআর
