অনলাইন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের লামিন ইয়ামালকে থামানোর উপায় নিয়ে রসিকতা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, বার্সেলোনার এই তারকাকে ঠেকানোর সবচেয়ে সহজ উপায় হলো- তাকে মাঠেই নামতে না দেওয়া।
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচটির আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন স্পেনের ১৯ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল, যিনি তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ফুটবলবিশ্বকে।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামালকে কীভাবে আটকাবেন— এমন প্রশ্নের জবাবে মজা করে স্কালোনি বলেন, ইয়ামালকে থামানোর উপায়? ইচ্ছা করে ওকে তার রুমে তালাবদ্ধ করে রাখি। এরপর অবশ্য তিনি তরুণ এই ফুটবলারে ভূয়সী প্রশংসা করেন।
স্কালোনি বলেন, সে অসাধারণ একজন ফুটবলার, ফুটবলের এক অমূল্য সম্পদ। এখনও সে অনেক তরুণ, ভবিষ্যতে এই খেলাকে আরও অনেক কিছু উপহার দেওয়ার সামর্থ্য আছে তার।
তবে শুধু ইয়ামাল নয়, পুরো স্পেন দলকেই সমান গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টাইন কোচ। তিনি জানান, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে গত বছরের ডিসেম্বর থেকেই লুইস দে লা ফুয়েন্তের দলকে বিশ্লেষণ করে আসছে তার কোচিং স্টাফ। স্পেনের সবকিছুই আমাদের ভাবাচ্ছে। অবশ্য আমরা চেষ্টা করব তাদের কোচকে যেন হোটেলেই রেখে আসা যায়!—বলেই আবারও হেসে ওঠেন তিনি।
এরপর তিনি আরও বলেন, ডিসেম্বর থেকেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে স্পেনকে বিশ্লেষণ করছি। তবে অন্য দলগুলোর চেয়ে বেশি নয়। সব ধরনের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কাজ করেছি। অতিরিক্ত বিশ্লেষণও ভালো নয়। তারা কীভাবে খেলে, সেটা আমরা ভালোভাবেই জানি।
সংবাদ সম্মেলনে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয় স্কালোনিকে। বিশ্বকাপের এই ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ হতে পারে কিনা— এমন প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, এ বিষয়ে তার নিজেরও কোনো ধারণা নেই। আমি জানি না। আমি কী করে জানব? মেসি সবসময়ই আমাদের চমকে দেয়। এই প্রশ্নটা তার জন্যই। এ নিয়ে আমি তার সঙ্গে কোনো আলোচনা করিনি।
—জা.অর্থনীতি/আইবিএম