চট্টগ্রাম বিমানবন্দরে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট আটক
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের  হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান পরিচালনা করে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এসব পণ্য আটক করে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর BG-148-এর যাত্রী মোহাম্মদ সোহেল, পাসপোর্ট নম্বর EL0147654-এর সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করে Mond ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং Esse Lights ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দল সিগারেটগুলো আটক করে ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে।

আটককৃত সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। পণ্যটির মোট করভার ৬২১.৬৩ শতাংশ। এ ঘটনায় প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

—জা. অর্থনীতি/এনজে