কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) প্রথমসারির ও আলোচিত কমান্ডার মো. জুবায়ের নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।
তিনি বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় বসবাসকারী মো. জুবায়ের বৃহস্পতিবার নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী দলবদ্ধভাবে তার ওপর আনুমানিক ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ঘটনার সংবাদ পেয়ে ইরানি পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলমান ছিল।
—জা.অর্থনীতি/এএইচএ