সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ
ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ও ফেনীতে পৃথক অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ।

রোববার (২ আগস্ট) ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লার চৌয়ারা বাজার এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ফেনীর উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।  

—জা. অর্থনীতি/এলএটি