ইটিপি ছাড়া কারখানার কার্যক্রম, পরিবেশ অধিদপ্তরের অভিযান

অনলাইন ডেস্ক: নদী দূষণরোধে শিল্পকারখানার বিরুদ্ধে নজরদারি জোরদার করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর আশপাশের নদীরক্ষায় পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জের ৮টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ কেরাণীগঞ্জের দুটি ওয়াশিং কারখানায় পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকার ৬টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠান থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলো হলো—ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আই এফ এস টেক্সওয়্যার।

অন্যদিকে, দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পৃথক একটি দল আজান ওয়াশিং এবং আল আমিন ওয়াশিং কারখানা পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি পরিবেশগত ছাড়পত্র এবং বাধ্যতামূলক ইটিপি স্থাপন ছাড়াই ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছে। সেখান থেকেও তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই এলাকার আরও কয়েকটি ওয়াশিং কারখানা পরিদর্শনের সময় সেগুলো বন্ধ পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর দূষণের প্রমাণ মিললে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকার চারপাশের নদী ও জলাশয়কে দূষণমুক্ত রাখতে শিল্পকারখানার ওপর নজরদারি, বর্জ্য ব্যবস্থাপনা তদারকি এবং আইন প্রয়োগমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।

—জা.অর্থনীতি/আইবিএম