কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে সংঘটিত একটি বহুল আলোচিত হত্যা মামলায় ৩ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাহাঙ্গীর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভৈরব থানার চণ্ডিবের দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন, জয়নাল মিয়া এবং শাহিন।
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালে ভৈরব থানায় দায়ের করা হত্যা মামলায় (দায়রা মামলা নং- ৩৪০/১২) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। বিচারক আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে আসামিদের পূর্ববর্তী হাজতবাসের মেয়াদ মূল সাজা থেকে বাদ যাবে।
রায়ে আরও উল্লেখ করা হয়, আদায়কৃত জরিমানা থেকে ১০ হাজার টাকা মামলার খরচ বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং অবশিষ্ট অর্থ ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। আপিলের সময়সীমা অতিক্রান্ত হওয়া সাপেক্ষে মামলার জব্দকৃত আলামত ধ্বংসের আদেশ দেন আদালত।
—জা. অর্থনীতি/এলএটি