অনলাইন ডেস্ক: দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানের প্রায় ৩ শতাংশ থেকে ৬-৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্যে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি- এই চার খাতকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। এ জন্য সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নতুন এই প্ল্যাটফর্মটি পর্যটন খাতের অংশীজনদের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
আফরোজা খানম বলেন, দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে প্রায় ৩ শতাংশ। সরকার এটিকে ৬-৭ শতাংশে উন্নীত করতে চায়। পর্যটন খাতের টেকসই বিকাশে বেসরকারি খাতকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত।
মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বর্তমান সরকার পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/আইবিএম
