বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা চলছে। ছবির নাম পরিবর্তন, মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া এবং ভারত-চীন সম্পর্কের প্রভাব নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অবশেষে এসব বিতর্কের জবাব দিলেন খোদ সালমান খান। জানালেন, ছবিটি নিয়ে ছড়িয়ে পড়া অধিকাংশ খবরই ভিত্তিহীন।
২০২৬ সালের এপ্রিলে মুক্তির কথা ছিল সিনেমাটির। শুরুতে ছবির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এরপরই গুঞ্জন ছড়ায়, সরকারি আপত্তি এবং চীনের অসন্তুষ্টির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যাচ্ছে। এমনকি ছবিটি মুক্তি পেলে ভারত-চীন সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন অনেকে।
সম্প্রতি ছবিটির ঝলক প্রকাশের অনুষ্ঠানে এসব জল্পনা উড়িয়ে দেন সালমান। তিনি স্পষ্ট জানান, সরকারের আপত্তিতে ছবির নাম পরিবর্তন কিংবা মুক্তি পিছিয়ে যাওয়ার খবর সত্য নয়। এসব নিছক গুজব।
ছবির বিষয়বস্তু সম্পর্কে সালমান বলেন, সিনেমাটি মূলত সেনাসদস্যদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি। দায়িত্ব পালনের সময় তাঁদের নানা প্রতিকূল পরিস্থিতি এবং পরিবারের সদস্যদের ভোগান্তি এতে তুলে ধরা হয়েছে। এখানে কোনো নেতিবাচক শক্তিকে দেখানো হয়নি; বরং প্রতিকূল পরিস্থিতিই গল্পের মূল বিষয়।
সব জল্পনা পেছনে ফেলে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
জা.অর্থনীতি/এসআই
