বিএসএফের গুলিতে কুলাউড়া সীমান্তে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের ৫০ গজ ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার ৮ আগস্ট রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের *মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের *আব্দুল মালেকের ছেলে।

ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন।

আরও পড়ুন: সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবি সূত্রে জানা গেছে, ওই রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা বাকি সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার ভোরে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

তিনি আরও জানান, এ বিষয়ে *বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বিজিবি কর্মকর্তা বলেন, নিহত চোরাকারবারী দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় আগের মামলা রয়েছে।

—জা.অর্থনীতি/আরএস