অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজও বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা এবং ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করছে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৪৪ মিনিট পর্যন্ত ওয়েবসাইটটি ব্যবহারকারীদের নাগালের বাইরে ছিল। এ সময় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়। এতে জানানো হয়, সেবাটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং শিগগিরই চালু করা হবে।
বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে শনাক্ত হওয়া গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করে। এ পরিস্থিতিতে সরকারও বৈশ্বিক সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে সতর্কতা জারি করেছে।
এর আগে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের মাধ্যমে হ্যাকাররা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। ওই ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন। এ ছাড়া ২০২৩ সালে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কয়েকটি অভ্যন্তরীণ ওয়েবভিত্তিক সেবা ৩৬ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।
জা.অর্থনীতি/এসআই