খাগড়াছড়িতে ৫ বস্তা গুইসাপসহ নারী আটক
ছবি: জাতীয় অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তায় বন্দি ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় প্রেমম্রাসো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গুইসাপগুলোর মধ্যে ১৪টি মৃত এবং ১০টি জীবিত ছিল।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে এসব গুইসাপ উদ্ধার করা হয়। পরে জীবিত ১০টি গুইসাপ খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয় এবং মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

আটক প্রেমম্রাসো মারমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে গুইসাপগুলো কিনে খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন। স্থানীয় বাজারে প্রতি কেজি প্রায় ৪০০ টাকা দরে বিক্রির উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে বন বিভাগ বাদী হয়ে নিয়মিত মামলা করবে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, বন্যপ্রাণী প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে, কেউ শিকার বা বেচাকেনা করতে পারবে না। আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন্যপ্রাণী পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

—জা. অর্থনীতি/এলএটি