রংপুর প্রতিনিধি: রংপুরে নিজ অটোরিকশা গ্যারেজ থেকে আব্দুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরীর আনছারী মোড় এলাকার গ্যারেজের ভেতর থেকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান নগরীর আনছারী মোড় এলাকার মীর কাশেমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, আব্দুর রহমান রাতে একাই গ্যারেজ লাগোয়া বাড়িতে অবস্থান করতেন। সকাল ৮টার দিকে গ্যারেজের ভেতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় ঘরের ভেতর আলমারি ও সিন্দুক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মধ্যরাতে ডাকাত দল তাকে হত্যা করে লুটপাট চালিয়ে পালিয়ে গেছে।
ওসি জানান, নিহত ব্যক্তির পরিবার অন্য এলাকায় থাকায় তিনি বাড়িতে একা ছিলেন। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এছাড়া অপরাধীদের শনাক্তে সিআইডি ও ডিবি পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।
—জা. অর্থনীতি/এলএটি