মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগানে একই গাছে ঝুলন্ত অবস্থায় চা শ্রমিক এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে মঙ্গল বাউরী (৩৫) দ্বিতীয় বিয়ে করার পর পারিবারিক বাধার মুখে পড়েছিলেন বলে জানা গেছে। রাজনগর থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৬ আগস্ট) সকালে বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন— উদনা চা বাগানের বাসিন্দা মঙ্গল বাউরী ও তার দ্বিতীয় স্ত্রী বিনতা বাউরী (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর অগোচরে প্রায় এক মাস আগে বিধবা বিনতা বাউরীকে বিয়ে করেন মঙ্গল। তবে পরিবার বিয়েকে মেনে না নেওয়ায় বিনতাকে বাড়িতে তুলতে পারছিলেন না তিনি। এক মাস ধরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলেন মঙ্গল। সকালে বাগানের প্রহরী গাছে তাদের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে।
রাজনগর থানার কর্মকর্তা জানান, মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি