মোবাইল কোর্টের প্রতিবাদে সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধান সড়কে যত্রতত্র অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালক ও শ্রমিকরা। এতে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কে তীব্র যানজট ও যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। 

মোবাইল কোর্টে দুটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা, ১৮৮ ধারায় এক চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭টি সিএনজি অটোরিকশা থানায় জিম্মায় দেওয়া হয়।

এ খবরের পর সিএনজি শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কুলাউড়া-জুড়ী-বড়লেখা ও মৌলভীবাজার প্রধান সড়ক অবরোধ করেন। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শহরের প্রধান সড়কে যানজট নিরসন ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতেই যত্রতত্র অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি