নিকলীতে নৌকা থেকে পড়ে শিশু নিখোঁজ
ছবি: জাতীয় অর্থনীতি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে পর্যটকবাহী একটি নৌকা কাত হয়ে নদীতে পড়ে মো. ওয়ালিদ (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ছাতিরচর করচ বাগান পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওয়ালিদ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের জীবকায়া এলাকার উজ্জল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ছাতিরচর করচ বাগান এলাকায় পর্যটকবাহী নৌকাটি চলাচলের সময় হঠাৎ একদিকে হেলে পড়ে। এতে নৌকার অনেক যাত্রী পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করতে পারলেও তল্লাশি চালিয়ে শিশু ওয়ালিদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

—জা. অর্থনীতি/এলএটি