প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নতুন উদ্যোগ
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দে প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘গ্রামীণ কল্যাণ ফুলসাইন্দ সামাজিক হাসপাতাল ও আঞ্চলিক অফিস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে হাসপাতাল ও আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনউদ্দিন চৌধুরী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খলিল বিন ওয়াহিদ এবং ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য, গোলাপগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে ঘরের কাছে চিকিৎসাসেবা দেওয়া যেন দূরবর্তী শহরে যাওয়ার ওপর নির্ভরতা কমে। এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রসূতি সেবা, চক্ষু, নাক-কান-গলা, ডায়াবেটিস চিকিৎসা, বাড়ি বাড়ি স্বাস্থ্য পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করা হবে। এছাড়া প্রশিক্ষিত স্বাস্থ্য সহকারীরা ঘরে ঘরে গিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।

৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান জানান, এই হাসপাতাল চালুর ফলে তার ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫০ হাজার মানুষ সহজে চিকিৎসা পাবেন। একই সাথে প্রতিষ্ঠিত আঞ্চলিক অফিসটি সিলেট অঞ্চলে গ্রামীণ কল্যাণের তদারকি ও সামাজিক উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি