পাবনায় ভেজাল দুধ তৈরির অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় ভোজ্যতেল, কস্টিক সোডা, চিনি, জেলি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে কৃত্রিম দুধ তৈরির অভিযোগে সুমন ঘোষ (৪১) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কারখানা থেকে ৩০০ লিটার কৃত্রিম দুধ ও ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর উপজেলা প্রশাসন পৌর সদরের মধ্যশালিখা গ্রামে সুমন ঘোষের দোকানের পেছনে তার মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালায়। 

অভিযানে তার কারখানা থেকে ভোজ্যতেল, কস্টিক সোডা, চিনি, জেলি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়। এসব উপকরণ দিয়ে কৃত্রিম দুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমন ঘোষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেন।

অভিযানে চাটমোহর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, “ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

—জা. অর্থনীতি/এলএটি