পাবনা প্রতিনিধি: পাবনা পৌর শহরের সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে ঝুলন্ত অবস্থায় সাইদা আক্তার রিলা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ‘চাঁদের আলো’ নামের একটি ছাত্রীনিবাসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও ছাত্রীনিবাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রিলার স্বজন ও সহপাঠীরা তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পাবনা সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
(ওসি) জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা- তা এখনো স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি
