নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে আমিষজাতীয় প্রায় সব ধরনের পণ্যের চড়া দামে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা। মাছ, মুরগি ও ডিম প্রতিটি নিত্যপণ্য কিনতেই বেশি টাকা গুনতে হচ্ছে। ফলে সংসারের আয় না বাড়লেও হু হু করে বাড়ছে দৈনন্দিন বাজার খরচ।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বাজারে বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি গরুর মাংসের জন্য গুণতে হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা।
এদিকে ডিম ও মাছের বাজারেও স্বস্তি নেই। সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায় এবং বাদামি ডিমের ডজন ১৪০ থেকে ১৫০ টাকা। অন্যদিকে বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরের নিচে কোনো সাধারণ মাছও মিলছে না।
ক্রেতাদের অভিযোগ, আগে যে টাকায় পুরো এক সপ্তাহের বাজার করা যেত, এখন তা এক দিনেই শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় সংসারের চাপ সামলাতে বাধ্য হয়ে খাবার তালিকা থেকে মাছ, মাংস ও ডিমের পরিমাণ কমিয়ে দিচ্ছেন অনেকে। অতিপ্রয়োজনীয় অন্য অনেক পণ্য কেনা থেকেও পিছিয়ে আসতে হচ্ছে সাধারণ মানুষকে।
—জা. অর্থনীতি/এলএটি