৭০০ চাকরির সুযোগ, জাবিতে বসছে জাকসু জব ফেয়ার
ছবি: সংগৃহীত

জাবি প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় ২৫টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠানে ৭০০টির বেশি চাকরির সুযোগ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬’।

আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে দিনব্যাপী এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত এ জব ফেয়ারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়ে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

শিক্ষকদের গবেষণা ও সাইটেশনে আর্থিক প্রণোদনা দিচ্ছে নোবিপ্রবি

আয়োজক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রাণ, আরএফএল, ওয়ালটন, একমি, নেসক্যাফে, পোলার ও ইফাদসহ বিভিন্ন খাতের ২৫টিরও বেশি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

আয়োজকদের দাবি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে ৭০০টির বেশি পদে নিয়োগের সুযোগ রয়েছে। ফলে জাবির শিক্ষার্থীদের জন্য সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও চাকরির সুযোগ পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি আয়োজন হতে যাচ্ছে।

জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বুথে সরাসরি সিভি জমা দিতে পারবেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি করপোরেট চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা দিতে এবং বিশ্ববিদ্যালয় থেকে কর্মজীবনে প্রবেশের পথ আরও সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এনজে