জাবিতে ১৬তম প্রজাপতি মেলা আগামী ২৭ নভেম্বর
ছবি: জাতীয় অর্থনীতি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম প্রজাপতি মেলা। প্রজাপতির বৈচিত্র্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মেলায় প্রজাপতি ও পোষক উদ্ভিদবিষয়ক একটি নতুন বই উন্মোচন করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি দেখা যেত। বর্তমানে তা কমে প্রায় ৭০ প্রজাতিতে দাঁড়িয়েছে। প্রজাপতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় ও লতাগুল্ম নির্বিচারে কাটা বন্ধ করতে হবে। পাশাপাশি কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

তিনি বলেন, প্রজাপতির টিকে থাকার জন্য শুধু বড় গাছ সংরক্ষণ করলেই হবে না; ঝোপঝাড়, লতাগুল্ম ও প্রজাপতির পোষক উদ্ভিদও রক্ষা করতে হবে। এসব উদ্ভিদ প্রজাপতির জীবনচক্র ও বংশবিস্তারের জন্য গুরুত্বপূর্ণ।

মেলায় উন্মোচন হতে যাওয়া নতুন বইটিতে প্রজাপতি ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন উদ্ভিদ শনাক্ত করার উপায় এবং প্রজাপতির শূককীট সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হবে বলে জানান তিনি।

অধ্যাপক মনোয়ার হোসেন আরও জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্যবিষয়ক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মেধাস্বত্ব বা কপিরাইটের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

—জা.অর্থনীতি/এনজে