পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের অর্থায়নে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ২টি উচ্চবিদ্যালয় ও মাদ্রাসায় বই এবং বুক শেলফ উপহার দিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ উপহার তুলে দেন।
সেই সাথে ৬টি স্কুলের মধ্যে যারা রেজাল্ট সবচেয়ে ভালো করেছে, এমন একজন ছাত্র এবং একজন ছাত্রীকে উপাচার্য নিজ হাতে উপহার প্রদান করেন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে পাবনা জেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়কে উপাচার্য নিজের অর্থায়নে আলমারি, পড়াশোনা জন্য আধুনিক কীট এবং গুরুত্বপূর্ণ বই উপহার দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বিদ্যালয়গুলো হলো: মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খয়েরসূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাওলানা কসিম উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং জহিরপুর দাখিল মাদ্রাসা।
উপহার প্রদান কালে উপাচার্য বলেন, আমি মনে করি, একটি প্রজন্মের সঙ্গে আরেকটি প্রজন্মের সেতুবন্ধন তৈরি করা খুবই জরুরি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো শুধু নিজেদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এমন নয়, আমাদের আশপাশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর প্রতিও আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। বাস্তবতা হলো আমাদের অনেক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে যেগুলোতে এখনো পর্যাপ্ত বই নেই, লাইব্রেরি নেই, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও সীমিত।
তিনি আরও বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যদি নিজেদের পড়াশোনার পাশাপাশি আশপাশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য কিছু স্বেচ্ছাসেবী ক্লাস পরিচালনা করে তাদের গণিত শেখায়, ইংরেজি শেখায়, বিজ্ঞান শেখায়, নীতি-নৈতিকতা ও আত্মবিশ্বাসের শিক্ষা দেয় তাহলে এর প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে।
—জা. অর্থনীতি/এলএটি
