যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমল তেলের দাম
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫.০৭ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৫০ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯০.৫১ ডলারে দাঁড়িয়েছে। টানা তিন সেশন বাড়ার পর দুই বেঞ্চমার্কের দামই প্রথমবার কমল।

এর আগে বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম প্রায় ২ ডলার পর্যন্ত বেড়েছিল। ওই দিনের সর্বোচ্চ দাম ছিল ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ।

বাজারে উদ্বেগ বাড়িয়েছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া। প্রাথমিক শিপিং তথ্য অনুযায়ী, বুধবার মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ প্রণালিটি পার হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১১টি এবং গত ১০ দিনের গড় ছিল প্রায় ১৩টি।

এদিকে ইরান আরও কয়েকটি জাহাজকে ‘নিয়ম না মানা’ জাহাজের তালিকায় যুক্ত করেছে। এসব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলে জরিমানা, জব্দ বা আটকের মুখে পড়তে পারে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের হামলায় আটজন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। ইরানিয়ান রেড ক্রিসেন্টের দাবি, হরমুজ প্রণালির কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় চারজন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে আগস্টে ইরাকের তেল রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ২৩ লাখ ৪০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা জুলাইয়ের ১৩ লাখ ৫০ হাজার ব্যারেলের তুলনায় উল্লেখযোগ্য বেশি। সেপ্টেম্বরে রপ্তানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি মাসের মাঝামাঝি সুদের হার বাড়াতে পারে-এমন প্রত্যাশাও বাজারে নতুন করে জোরালো হয়েছে।

সূত্র: রয়টার্স

জা.অর্থনীতি/এসআই