বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির ফলে বাংলাদেশি পর্যটকদের ভিজিট ভিসায় মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে গেল। সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এখন সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে আগের মতো সব দেশের নাগরিকদের ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা নতুন বিধিনিষেধের আওতায় পড়েছেন। এসব দেশের জন্য ভিজিট বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে মূলত সিঙ্গেল এন্ট্রি ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম। অর্থাৎ, এসব নির্ধারিত উদ্দেশ্যে ভ্রমণকারীরা প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এমইভির জন্য আবেদন করতে পারবেন।

ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, নতুন সিদ্ধান্তটি ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে এ নীতির সরাসরি কোনো সম্পর্ক নেই।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন এ ভিসা নীতির বিস্তারিত জানানো হয়েছে।

জা.অর্থনীতি/এসআই