পায়ে হেঁটে হজের স্বপ্ন দুলালের, ভিসার অপেক্ষায় অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

শার্শা (যশোর) প্রতিনিধি: পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে নাটোরের সিংড়া থেকে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কার উদ্দেশে রওয়ানা হওয়া দুলাল হোসেন (৪৫) বর্তমানে যশোরের সীমান্ত শহর বেনাপোলে অবস্থান করছেন। প্রয়োজনীয় ভিসা না পাওয়ায় তার স্বপ্নের পদযাত্রায় চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি বেনাপোল সীমান্তে এসে পৌঁছান। প্রয়োজনীয় পাসপোর্ট ও বৈধ ভিসা হাতে পেলেই বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করার ইচ্ছা তার।

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াশ বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে দুলাল হোসেন দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফে গিয়ে তাওয়াফ ও হজ পালনের নিয়ত লালন করছিলেন। সেই লক্ষ্যে গত ৪ আগস্ট স্বজন ও এলাকাবাসীর কাছ থেকে বিদায় নিয়ে পায়ে হেঁটে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন।

যাত্রাপথে কুষ্টিয়ায় পৌঁছানোর পর ভিসার আশায় প্রায় ২১ দিন অবস্থান করেন তিনি। দুলালের অভিযোগ, গত ৮ আগস্ট লিটন নামে এক কন্টাক্টর প্রয়োজনীয় দেশগুলোর ভিসা সম্পন্ন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার পাসপোর্ট গ্রহণ করেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় ভিসা না পাওয়ায় বাধ্য হয়ে তিনি পুনরায় পায়ে হেঁটে বেনাপোলের দিকে রওয়ানা হন।

বেনাপোলে অবস্থানরত দুলাল হোসেন জানান, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও আইনি অনুমতি পেলেই তিনি ভারতসহ বিভিন্ন দেশের ভূখণ্ড অতিক্রম করে সৌদি আরবে পৌঁছাবেন। যাত্রাপথে যেন কোনো আইনি বা নিরাপত্তাজনিত জটিলতায় না পড়তে হয়, সেজন্য তিনি সরকারের প্রশাসনিক সহযোগিতার আর্জি জানিয়েছেন।

পায়ে হেঁটে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের লক্ষ্যে ভিসার অপেক্ষায় এখন বেনাপোলে দিন গুনছেন এই পুণ্যার্থী। ভিসা হাতে পেলেই পুনরায় শুরু হবে তার মক্কা অভিমুখে কাঙ্ক্ষিত আন্তর্জাতিক পদযাত্রা।  

—জা. অর্থনীতি/এলএটি