কেক কেটে পোষা মহিষের জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: পোষা মহিষের জন্মদিন ঘিরে ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় এসেছেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি। রাজ্যের বলিয়া জেলার বাসিন্দা রাজেশ কুমার ভার্মা তার প্রিয় পোষা মহিষ ‘বাসন্তী’র চতুর্থ জন্মদিন পালন করেছেন বেশ ঘটা করে। জন্মদিনের সেই আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

জানা গেছে, বাসন্তীর জন্মদিন উপলক্ষে বাড়ির একটি জায়গা রঙিন বেলুন দিয়ে সাজান রাজেশ। সেখানে একটি টেবিলে রাখা হয় দুটি কেক। বিশেষ দিনের জন্য বাসন্তীকে পরানো হয় ‘হ্যাপি বার্থডে’ লেখা জন্মদিনের টুপি। তার গলায় দেওয়া হয় ফুলের মালাও।

জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন গ্রামবাসী। তাদের উপস্থিতিতেই কেক কাটার আয়োজন করা হয়। এ সময় সবাই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একসঙ্গে ‘হ্যাপি বার্থডে বাসন্তী’ বলে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিরা বাসন্তীকে ভালোবেসে কলা ও কেক খাওয়ান। পুরো আয়োজনজুড়ে মালিক রাজেশের সঙ্গে মহিষটির ঘনিষ্ঠ সম্পর্কের চিত্র ফুটে ওঠে।

বাসন্তীর জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই রাজেশের এই উদ্যোগের প্রশংসা করেছেন। পোষা প্রাণীর প্রতি তার ভালোবাসা এবং যত্নের বিষয়টিই বিশেষভাবে নজর কেড়েছে।

সাধারণত মানুষের জন্মদিনে কেক কাটা ও বেলুন দিয়ে সাজানোর দৃশ্য দেখা গেলেও একটি পোষা মহিষের জন্য এমন আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী। আর সেই ব্যতিক্রমী উদযাপনই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে।

জা.অর্থনীতি/এসআই