তালেবানের বিরুদ্ধে পপ তারকার প্রতিবাদের সুর

বিনোদন ডেস্ক: আফগানিস্তানের জনপ্রিয় পপ তারকা ও নারী অধিকারকর্মী আরিয়ানা সাঈদ তালেবানের শাসনে নারীদের ওপর আরোপিত নানা নিষেধাজ্ঞার প্রতিবাদে ইউরোপজুড়ে শুরু করেছেন বিশেষ কনসার্ট সফর। ‘লেডিস অনলি’ নামের এই সফরে শুধু নারীরাই দর্শক হিসেবে অংশ নিতে পারবেন। এর মাধ্যমে ইউরোপে বসবাসরত আফগান নারীদের একত্রিত করার পাশাপাশি তাদের অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়েছেন তিনি।

সম্প্রতি ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ানা জানান, গত তিন-চার বছর ধরে তিনি এই উদ্যোগের পরিকল্পনা করছিলেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারী ও মেয়েদের শিক্ষা, কর্মসংস্থানসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। সেই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই তিনি এই কনসার্টের আয়োজন করেছেন।

আরিয়ানার ভাষ্য, বিশ্বজুড়ে অনেকে তাকে ‘দ্য ভয়েস অব আফগানিস্তান’ হিসেবে চেনেন। তার গান ও কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আফগানিস্তানের অধিকারবঞ্চিত নারীদের কণ্ঠস্বর তুলে ধরতে চান। একই সঙ্গে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে এবং সেই অধিকার আদায়ে সোচ্চার হতে উৎসাহিত করাই তার অন্যতম উদ্দেশ্য।

তালেবান ক্ষমতা দখলের পর আরিয়ানা দেশ ছেড়ে ইউরোপে চলে যান। বর্তমানে সেখান থেকেই সংগীত ও নারী অধিকার নিয়ে কাজ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এবং তার সংগঠন ‘ডিফাও’-এর মাধ্যমেও তিনি আফগান নারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের রটারডামে কনসার্টের মধ্য দিয়ে সফর শুরু হয়েছে। এরপর ৫ সেপ্টেম্বর স্টকহোম, ২৬ সেপ্টেম্বর হামবুর্গ এবং ৩ অক্টোবর জার্মানির ভিসবাডেনে তার পরিবেশনার কথা রয়েছে।

জা.অর্থনীতি/এসআই