নেত্রকোনা সীমান্তে ৮ মাসে ১১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: জাতীয় অর্থনীতি

নেত্রকোনা প্রতিনিধি: ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিগত আট মাসে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সাথে চোরাচালানের অভিযোগে ১৭ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী, পিএসসি এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৯২ কিলোমিটার দীর্ঘ দুর্গম সীমান্ত এলাকায় মাত্র ১৫টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) থাকা সত্ত্বেও বিজিবির তৎপরতায় চোরাচালান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জনবল ও লজিস্টিক সীমাবদ্ধতা কাটিয়ে মাদক, অবৈধ অস্ত্র, পুশ ইন এবং পণ্য পাচার রোধে সীমান্তজুড়ে বিজিবি জোয়ানদের টহল জোরদার রাখা হয়েছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত আট মাসে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৮ লাখ ২৩ হাজার ৪২০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট। এছাড়া ১০ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা মূল্যের গরু, চিনি, কম্বল, জিরা, সুপারি, ঔষধ, কয়লা, শাড়ি, লেহেঙ্গা এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ অন্যান্য চোরাই পণ্য আটক করা হয়। উদ্ধারকৃত সমস্ত মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৫৬০ টাকা।

৩১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মানব পাচার ও চোরাচালান বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এদিকে সীমান্তে মাঝে মাঝে ক্ষুদ্র বন্দর (ল্যান্ড পোর্ট) স্থাপন করা হলে চোরাচালান বন্ধের পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব আদায় ও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মত প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

—জা. অর্থনীতি/এলএটি