লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু সিন্ডিকেটের কৃত্রিম সংকট বন্ধের দাবিতে আবারো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ কৃষকরা। এতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের জেলা সদরের ফকিরের তকেয়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাদের আশ্বাসে কৃষকরা তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া মোড় এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে কৃষকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করে জানান, রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় চললেও ডিলারদের দ্বারে দ্বারে ঘুরেও তারা সার পাচ্ছেন না। সরকারি খাতায় পর্যাপ্ত সারের কথা বলা হলেও অসাধু ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে মাঠপর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে সার বিক্রি করা হচ্ছে।
এর আগে গতকাল রোববারেও সারের অবৈধ মজুদ ও চড়া দামে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম নয়ন নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে মহাসড়ক অবরোধের ফলে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তাসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উত্তেজিত কৃষকদের সঙ্গে কথা বলেন । পরে কৃত্রিম সংকট তৈরি করা ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ বাজার মনিটরিং নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ন্যায়সঙ্গত মূল্যে পর্যাপ্ত সার বন্টনের আশ্বাস দেওয়া হলে দুপুর ১২টার দিকে কৃষকরা শান্ত হয়ে অবরোধ তুলে নিয়ে সড়ক ত্যাগ করেন।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, “জেলায় সারের প্রাতিষ্ঠানিক কোনো সংকট নেই। সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ রয়েছে। যদি কোনো ডিলার বা ব্যবসায়ী সার কৃত্রিমভাবে আটকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের সব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখে ইতোমধ্যে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি