২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক: সাধারণ মানুষের জন্য হজকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আনিসুর রহমানের (মাদারীপুর-৩) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালে খাবারের খরচ ছাড়া সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। এবার মূল প্যাকেজের সঙ্গে খাবারের খরচ হিসেবে ৩৯ হাজার ৫০৮ টাকা যুক্ত করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের মিনা ও আরাফাতে সর্বনিম্ন ‘ডি-ক্যাটাগরি’ সেবা প্রত্যাহারের কারণে ব্যয় বেড়েছে ৭০০ সৌদি রিয়াল বা প্রায় ২৩ হাজার ২৪০ টাকা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়েও ব্যয় বেড়েছে ৩ হাজার ৮২৫ টাকা।

সব মিলিয়ে আগের কাঠামো অপরিবর্তিত থাকলে ২০২৭ সালের সর্বনিম্ন হজ প্যাকেজের খরচ দাঁড়াত ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা। তবে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানোসহ স্থানীয় ও প্রশাসনিক বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের ফলে চূড়ান্ত প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় মোট ব্যয়ের প্রায় তিন-চতুর্থাংশ সৌদি আরব অংশে এবং এক-চতুর্থাংশ বাংলাদেশ অংশে ব্যয় হয়। সৌদি অংশে আবাসন, তাঁবু, যাতায়াত, কোরবানি, ভিসা ও স্বাস্থ্য বীমার মতো খরচ রয়েছে।

এদিকে মিনা-আরাফাতে আগের সেবা প্যাকেজ বহাল এবং জরুরি পরিস্থিতির জন্য ব্যাকআপ কোটা ১ শতাংশ থেকে ২ শতাংশে উন্নীত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলেও জানান ধর্মমন্ত্রী।

জা.অর্থনীতি/এসআই