আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে পর্বতারোহীদের একটি দলের ওপর তুষারধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন এবং ছয় পর্বতারোহীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কাবারদিনো-বালকারিয়া অঞ্চলের মিজিরগি পর্বতে এ তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল পাহাড়ে অবস্থান করছিল।
তুষারধসের পর পর্বতারোহীদের অনেকে বরফের নিচে আটকা পড়েন। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায়, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের চেষ্টায় পাহাড় থেকে নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে ছয়জনের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।
নিখোঁজদের উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। এতে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নিয়েছেন। তবে প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতি ও নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে অভিযান সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।
মিজিরগি উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত। দুর্ঘটনার পর ওই এলাকায় তুষারধসের ঝুঁকি এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জা.অর্থনীতি/এসআই
