মাধবদীতে ৯২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে সাতটি মামলা দায়ের এবং ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মাধবদী পৌরসভার সিইও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় এই ঝটিকা অভিযান চালানো হয়। এতে ৯২টি আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বকেয়া পড়া ৩ লাখ ৫০ হাজার টাকা গ্যাস বিল বাবদ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার রোধ এবং সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি ঠেকাতেই এ উদ্যোগ। অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের যৌথ অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে জানান তিনি।  

—জা. অর্থনীতি/এলএটি