সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের প্রিমিয়াম প্রসাধনী, ভারতীয় মদ, জিরা, সুপারি, চা-পাতা, পিকআপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ও বুধবার (৯ সেপ্টেম্বর) দুদিনব্যাপী জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদর দপ্তরের বিশেষ টিম ও বিওপির টহল দল যৌথভাবে এ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদকের বড় একটি চালান আসার গোপন খবরের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার একাধিক স্পর্শকাতর সীমান্ত পয়েন্টে অবস্থান নেয় বিজিবির জোয়ানরা। অভিযানকালে চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ, বিভিন্ন খাদ্যপণ্য, একটি মালামাল পরিবহনের পিকআপ এবং গরু জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে যেকোনো ধরনের অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে এই বিশাল চালানের মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মালামাল বিজিবির বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
—জা. অর্থনীতি/এলএটি