১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

অনলাইন ডেস্ক: কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকদের জন্য সারের সরবরাহ নিশ্চিত করতে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন এমওপি, ডিএপি ও ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির ৪৩তম সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ১৮টি ক্রয় প্রস্তাব উপস্থাপন ও আলোচনা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বেলারুশ থেকে বেসরকারি পর্যায়ে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি টনের দাম ৩৯৮ দশমিক ৯৭ মার্কিন ডলার।

এ ছাড়া মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এস.এ. থেকে জিটুজি পদ্ধতিতে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টনের মূল্য ৮৮৯ দশমিক ৩৩ মার্কিন ডলার। সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে আরও ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া আমদানি করা হবে। প্রতি টনের দাম ৩৯১ দশমিক ৬৬ মার্কিন ডলার।

সভায় দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা আধুনিকায়নে ডিজিটাল এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, এনজিওগ্রাফি, ম্যামোগ্রাফি ও আল্ট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদিত হয়।

এ ছাড়া ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জের সড়ক-সেতু পুনর্বাসন, বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন, ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি খাতে টোটালএনার্জিস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।

অন্যদিকে, ডিএপিএফসিএল ও টিএসপিসিএলের জন্য ফসফরিক অ্যাসিড আমদানির দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। সেপ্টেম্বর-ডিসেম্বর ২০২৬ সময়ের জ্বালানি তেল কেনার কয়েকটি প্রস্তাব দরদাতাদের প্রিমিয়াম ও রেফারেন্স মূল্য পুনর্বিবেচনার জন্য পরবর্তী সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই