৫০ বছরের পুরোনো সবজি হাট জমে ওঠে ভোরেই
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: সকালের আলো পুরোপুরি ফোটেনি। শহরের বেশির ভাগ মানুষ ঘুমিয়ে। অথচ মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারের মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ স্কয়ার চত্বরে তখন ব্যস্ততা তুঙ্গে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ট্রাক থেকে নামছে সবজির বস্তা। স্থানীয় কৃষকেরাও নিয়ে আসছেন খেতের ফসল। ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে ধীরে ধীরে জমে উঠছে এক বেলার সবজি হাট।

৫০ বছরের ঐতিহ্য

প্রায় ৫০ বছর ধরে চলা এই হাট মৌলভীবাজারের কৃষি বাণিজ্যের প্রাণকেন্দ্র। বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, পাবনা, ভৈরব ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ট্রাকে আসে বিভিন্ন ধরনের সবজি।  

আবার স্থানীয় কৃষকেরা শ্রীমঙ্গল, আদমপুর, গিয়াসনগর, সাতগাঁও, দিগম্বরপুরসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা, টমটম ও পিকআপে সবজি নিয়ে আসেন।

আরও পড়ুন: সবজি চাষে খরচের বোঝা

হাটের চিত্র

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে হাটে গিয়ে দেখা যায়, কয়েকটি ট্রাক থেকে শ্রমিকেরা বস্তাভর্তি সবজি নামাচ্ছেন। আলো বাড়ার সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা। বেগুন, করলা, টমেটো, শসা, পেঁপে, পুঁইশাক, কচুর লতি, চিচিংগা, সাতকরা, কাঁচা মরিচ, লাউ, কুমড়া, আলুসহ নানা সবজিতে ভরে ওঠে হাট।

সকাল ৬টার দিকে বেচাকেনা জমে ওঠে। খুচরা বিক্রেতারা ভ্যান, রিকশা কিংবা টমটমে সবজি নিয়ে ছুটে যান শহরের বিভিন্ন গন্তব্যে। বেলা একটা থেকে দুইটার মধ্যে হাটের মূল বেচাকেনা শেষ হয়ে যায়। এরপর আড়ত খোলা থাকলেও ক্রেতার আনাগোনা কম থাকে।

আরও পড়ুন: আগাম শিমে লাভের আশা শঙ্কা সার-আবহাওয়ায়

কৃষক ও বিক্রেতার কথা

কমলগঞ্জ উপজেলার বিষ্ণপুর থেকে বেগুন নিয়ে এসেছেন কৃষক মঙ্গল মালাকার। সপ্তাহে শনি ও বুধবার তিনি খেতের সবজি নিয়ে এখানে আসেন। তার ভাষায়, পরিবহন খরচসহ নানা ব্যয় মেটাতে সবজির দাম ঠিকঠাক না হলে লাভ থাকে না।

ভ্যান নিয়ে ভোরে হাটে আসেন নয়ন মিয়া, ১৭ বছর ধরে সবজি বিক্রি করছেন তিনি। পাইকারি দরে সবজি কিনে শহরের অলিগলিতে ঘুরে ঘুরে বিক্রি করেন।

তার কথায়, এটি কাঁচামালের ব্যবসা—কখনো লাভ হয়, কখনো কিছু সবজি নষ্ট হয়ে লাভ থাকে না। সবজি বিক্রি না হলে রাত পর্যন্ত ঘুরতে হয়।

আড়ত ও বাণিজ্য

হাটে ১৪ থেকে ১৫টি আড়ত আছে। কৃষকদের আড়তের মাধ্যমে সবজি বিক্রি করতে হয়। প্রতি হাজার টাকার বিক্রিতে আড়তদারকে ৮০ টাকা কমিশন দিতে হয়।  

স্থানীয় আড়তদারদের হিসাবে, এক বেলার এই হাটে প্রতিদিন আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি বিক্রি হয়।

জীবিকার সাথে জড়িত হাজারো মানুষ

শুধু সবজির কেনাবেচা নয়, কৃষক, আড়তদার, শ্রমিক, পরিবহনকর্মী, খুচরা বিক্রেতাসহ হাজারো মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে আছে ভোরের এই হাট। সকাল থেকে দুপুর পর্যন্ত এই চত্বর হয়ে ওঠে মৌলভীবাজারের অর্থনীতির এক ব্যস্ত শহর।

—জা. অর্থনীতি/এনজে