বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে আশির দশকের আবহে রূপান্তরের নতুন ট্রেন্ডে মেতেছে সামাজিক যোগাযোগমাধ্যম। পোশাক, সাজসজ্জা ও ফ্যাশনে চার দশক আগের নান্দনিকতা ফিরিয়ে আনা এই রেট্রো উন্মাদনায় সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিচ্ছেন দেশের জনপ্রিয় তারকারাও।
চিত্রনায়িকা তমা মির্জা নিজের রেট্রো লুকের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’ লাল শাড়িতে আশির দশকের আবহে হাজির হয়েছেন চিত্রনায়িকা বুবলি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৮০-এর দশকের ট্রেন্ড ভাইব।’
ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবও এআইয়ের তৈরি রেট্রো লুকে নিজেকে উপস্থাপন করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’ একই ট্রেন্ডে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাফা কবীর। তাঁর প্রকাশিত ছবিতে আশির দশকের সাজে দেখা গেছে ‘ডা. ইরিন’ চরিত্রের আবহ। তিনি লিখেছেন, আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে।
অভিনেত্রী তাসনিয়া ফারিণও শেয়ার করেছেন এআইয়ের তৈরি রেট্রো ছবি। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘ভালোই হতো।’ উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ফিরে গেছেন আশির দশকের সংগীত ও রেট্রো স্টাইলের কল্পিত সময়ে।
এদিকে সংগীতশিল্পী পড়শী লিখেছেন, ‘১৯৮০ সালে যদি থাকতাম, তাহলে মনে হয় এমন থাকতাম।’ রেট্রো ট্রেন্ডে যোগ দিয়েছেন সংগীতশিল্পী জেফারও। নিজের ছবি প্রকাশ করে তিনি জানিয়েছেন, এইমাত্র আশির দশকের পার্টিতে যোগ দিয়েছেন।
সব মিলিয়ে, এআইয়ের প্রযুক্তিতে বর্তমানের তারকারা ফিরে যাচ্ছেন অতীতের ফ্যাশন ও নান্দনিকতার কল্পিত জগতে। চার দশকের ব্যবধান ঘুচিয়ে এই ট্রেন্ডে তৈরি হচ্ছে তারকাদের কাল্পনিক ‘আশির দশকের সংস্করণ’, যা ইতোমধ্যে নেটদুনিয়ায় তৈরি করেছে বেশ আগ্রহ।
জা.অর্থনীতি/এসআই