আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় সমুদ্রসীমায় একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৮৭ জন। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানী মানিলা থেকে পালাওয়ান প্রদেশের করণের উদ্দেশে যাত্রা করা এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন। এর মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবায়াব জানান, এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৮৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকারীরা আগুনে জ্বলতে থাকা ফেরির আশপাশ থেকে যাত্রীদের লাইফ জ্যাকেট সরবরাহ করেন এবং ছোট নৌযানের মাধ্যমে তাদের নিরাপদ ও অগভীর পানিতে নেওয়ার চেষ্টা করেন।
উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্র। বড় ঢেউ এবং শক্তিশালী স্রোতের কারণে ফেরিটি আগের অবস্থান থেকে কয়েক নটিক্যাল মাইল দূরে সরে গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ফেরিটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত করছে কোস্ট গার্ড।
ফিলিপাইনে দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে ফেরি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত যাত্রী, নৌযানের রক্ষণাবেক্ষণের ঘাটতি ও নিরাপত্তা বিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ার কারণে দেশটিতে মাঝেমধ্যেই বড় ধরনের নৌদুর্ঘটনা ঘটে।
সূত্র: এপি
জা.অর্থনীতি/এসআই
