বগুড়া প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আইন সংশোধনের মাধ্যমে এ নির্বাচনে জাতীয় প্রতীক ব্যবহারের বিধান বাদ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ প্রতীকে হলেও মাঠপর্যায়ে বিএনপির একক সমর্থিত প্রার্থী থাকবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন দ্রুত সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী দল থেকে সরাসরি মনোনয়ন দেওয়া বা 'ধানের শীষ'-এর মতো দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না। তবে দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা বিএনপি আলোচনার মাধ্যমে প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করবে।
তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো দলীয় মনোনয়ন নয়, বরং কেবলই রাজনৈতিক সমর্থন। কোনো ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি সমঝোতার চেষ্টা করবে। তবে সমঝোতা ব্যর্থ হলে এবং কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করলে তার বিরুদ্ধে বগুড়া জেলা ও উপজেলা বিএনপি যৌথভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল ওহাব ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি
