দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু হয়।

আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

পাবনা

পাবনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধনে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

তিন মাসব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হবে।

অভিযানের আওতায় জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কুড়িগ্রাম

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামে কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম পৌরবাজার ও জিয়া বাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। 

পিরোজপুর

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের সঙ্গে পিরোজপুরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

এ উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল পরিষ্কার করা হয়।

আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

শেরপুর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে শেরপুরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। 

অভিযানের আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়।

​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেকসোনা খাতুনের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশকনিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে