নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে ওবায়দুল্লাহ, সৌরভ ও শান্তা নামের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়ার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)। এ ঘটনায় টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এখনো নিখোঁজ রয়েছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ ব্যক্তিরা সবাই লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানা কয়েকজন নদীর প্রবল স্রোতে তলিয়ে যেতে লাগলে তাদের বাঁচাতে গিয়ে সৌরভও পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরবর্তীতে শনিবার সকালে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সকালের দিকে ফায়ার সার্ভিস সৌরভ ও ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করে এবং দুপুর ১২টার দিকে শান্তার মরদেহ নদীতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, শুক্রবার নদীতে তীব্র স্রোত থাকায় তাৎক্ষণিক ডুবুরি অভিযান পরিচালনা সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
ওসি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। নিখোঁজ শান্তকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তায় নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি