দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। দেশটির একটি মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি এসইউভির মধ্যে সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনায় আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির সড়ক নিরাপত্তা বিষয়ক সরকারি অংশীদার সংস্থা রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) দুর্ঘটনায় ২১ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

আরটিএমসি জানায়, লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে (জিএমটি) তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেশটির পুলিশ এএফপিকে জানিয়েছে, সংঘর্ষের পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয়। আরটিএমসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জনের মৃত্যু হয়। তবে আগের বছরের তুলনায় ওই বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫ শতাংশের বেশি কমেছিল।

আরটিএমসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন পথচারী।

জা.অর্থনীতি/এসআই